৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি প্রদান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে দেশটির চারজন প্রভাবশালী সংস্কারপন্থি নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইরানের বিচার বিভাগীয় বার্তা সংস্থা ‘মিজান নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই অভিযানে নেতৃত্ব দেয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজর মনসুরি, সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিবিদ মোহসেন আমিনজাদেহ এবং ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস অভিযানের ছাত্রনেতা ও সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। আইআরজিসি-র দাবি, এই নেতারা রাজপথের ‘সন্ত্রাসীদের’ কর্মকাণ্ডকে রাজনৈতিক বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিলেন।
গত জানুয়ারি থেকে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। সরকারি তথ্যমতে, এই সহিংসতায় ৩,১১৭ জন নিহত হয়েছেন; যদিও মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী নিহতের সংখ্যা এর দ্বিগুণ। তেহরান প্রশাসনের দাবি, যখন দেশ ইসরায়েলি ও মার্কিন সামরিক হুমকির মুখে, তখন এই সংস্কারপন্থিরা দেশের শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
এই ধরপাকড় এমন এক সময়ে ঘটছে যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংলাপের ইচ্ছা প্রকাশ করছেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের বিরুদ্ধে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সংস্কারপন্থিদের গ্রেফতার করে প্রশাসন বার্তা দিচ্ছে যে—শাসনের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ তারা ‘লৌহ হস্ত’ দিয়ে দমন করবে।