বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…
ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কথোপকথনের দুটি অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এসব অডিও উপস্থাপন করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে অডিওগুলো উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তিনি ফোনালাপের কথোপকথনের একটি অনুলিপি সাংবাদিকদের সরবরাহ করেন।
প্রসিকিউশনের দেওয়া নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের এসব ফোনালাপ হয়।
নথিতে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই দুপুর ২টা ৫৪ মিনিটে শেখ হাসিনা ও হাছান মাহমুদের মধ্যে হওয়া কথোপকথনে ‘পাল্টা আগুনের’ প্রসঙ্গ উঠে আসে।
ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে তাদের বাড়ি ও গাড়ি সাধারণ মানুষ দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা। একপর্যায়ে তিনি বলেন, অন্য কিছু করে লাভ নেই—‘তোরাও পুড়াবি, আয় আমরাও পুড়াব।’
হাছান মাহমুদ এ অবস্থানকে ‘টিট ফর ট্যাট’ হিসেবে সমর্থন করেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, গায়েবানা জানাজা পড়ে তারা ১০ মিনিটের মধ্যে মহল্লায় মহল্লায় চলে যাবেন। তখন শেখ হাসিনা তাকে সংশোধন করে ‘মহল্লায় নয়, যার যার এলাকায়’ যাওয়ার কথা বলেন।
একই ফোনালাপে শেখ হাসিনা প্রতিটি সংসদ সদস্যকে ডেকে নিজ নিজ এলাকায় ‘প্রোটেকশনের’ ব্যবস্থা করার নির্দেশ দেন বলেও প্রসিকিউশনের নথিতে উল্লেখ করা হয়েছে।
এরপরের কথোপকথনে ওবায়দুল কাদের যুক্ত হন বলে নথিতে বলা হয়েছে।
শেখ হাসিনা তখন সেতু ভবনে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করে সেখানে র্যাব পাঠানোর কথা বলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।
ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তাদের বাড়িঘরে আগুন দেওয়ার পাল্টা হিসেবে আন্দোলনকারীদের বাড়িঘরে আগুন দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি ওবায়দুল কাদেরকে আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকা খুঁজে বের করার নির্দেশ দেন বলে প্রসিকিউশনের নথিতে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশন এসব ফোনালাপকে ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেছে।
তবে ফোনালাপের অডিওর সত্যতা, প্রেক্ষাপট এবং প্রমাণ হিসেবে এর গ্রহণযোগ্যতা নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় পরবর্তী সময়ে নির্ধারিত হবে।