ঢাকা মেট্রো প্রতিবেদক : রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করার জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে। আজ রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার কবরস্থান জিয়ারতকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষজ্ঞ দলটি আগামী ৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু হবে। রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের এই যৌথ উদ্যোগে শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলবে।
উপদেষ্টা জানান, এই পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, শনাক্ত নিশ্চিত হওয়ার পর শহীদদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।