ঢাকা মেট্রো প্রতিবেদক : রাজধানীর মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ায় শনিবার (২২ নভেম্বর) রাতে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেলের মূল লাইনের ওপর। ড্রোন পতিত হওয়ায় মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। ড্রোনটি অপসারণ করার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু করা হয়েছে বলে ডিএমটিসিএল নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে ড্রোনটি কোথা থেকে বা কেন লাইনের ওপর পড়ল, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেওয়া হয়নি।