জাতীয় : সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দেশের শীর্ষ বিশেষজ্ঞ ও অধ্যাপকরা ভয় না পেয়ে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের দ্রুত লিখিত সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, সরকার সব ধরনের প্রস্তুতি নিতে প্রস্তুত এবং টাস্কফোর্স গঠনের কাজ চলছে।
বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ায় বড় ভূমিকম্পের গুজব ছড়ানোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেন। তাঁদের মতে, ভূমিকম্পের দিন-তারিখ অনুমান করা যায় না।
গুরুত্বপূর্ণ সুপারিশ: বৈঠকে বিশেষজ্ঞরা তরুণদের অংশগ্রহণে চার স্তরের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ স্থাপনার মূল্যায়ন এবং জনগণকে আতঙ্কিত না করে খোলা জায়গার তালিকা ও মহড়ার মতো কার্যক্রম শুরুর পরামর্শ দেন।
গণপূর্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান জানান, সফটওয়্যারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের মূল্যায়ন চলছে এবং বেশিরভাগ ক্ষতি পার্টিশন দেয়ালে দেখা গেছে। বিশেষজ্ঞের লিখিত সুপারিশ অনুযায়ী দ্রুত টাস্কফোর্স গঠন করা হবে।