আবহাওয়া : কার্তিক মাসের শেষ দিকে এসে সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমতে থাকায় সেখানে কুয়াশাও পড়তে শুরু করেছে।
আজ রোববার (৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে প্রায় অর্ধ ডিগ্রি কম।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দিন ছোট হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে।
আজ সকালে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত অনুভূত হয়েছে। বিশেষত উত্তরাঞ্চলে বেশ ঠান্ডা পড়ছে।
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।
চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলক গরম রয়েছে।
রাজধানীর আবহাওয়া: আজ সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর–উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।