ঢাকা: ছাত্রদের যৌন নিপীড়ন ও মারধরের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, পরীক্ষাসংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে শিক্ষক তাঁকে বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন এবং বিষয়টি প্রকাশ না করতে ভয় দেখান।
গতকাল থেকেই বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপক হালিমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে শুরু করেন। রাতে টিএসসিতে সংবাদ সম্মেলন করে তাঁকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) অধ্যাপক হালিমকে আদালতে হাজির করা হলে, আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, অভিযোগ আসার পরই শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু নাঈম দাবি করেছেন, এখন পর্যন্ত অন্তত ১২ জন শিক্ষার্থী ওই শিক্ষকের নিপীড়নের শিকার হওয়ার কথা তাঁদের জানিয়েছেন।