আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
শনিবার (১৫ নভেম্বর) পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ লাখ সদস্য মোতায়েন থাকবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য, প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, প্রায় আট হাজার র্যাব এবং সাড়ে পাঁচ লাখের মতো আনসার বাহিনীর সদস্য মাঠে থাকবেন।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় এবার আনসার বাহিনী বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।”
সরকার পতনের কারণ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ব্যক্তিবিশেষের কারণে হয়নি, বরং “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে।”