ঢাকা মেট্রো প্রতিবেদক : জানমালের ঝুঁকি তৈরি হয় এমন কোনো কাজ, যেমন—গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপ করতে কেউ উদ্যত হলে, সেক্ষেত্রে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলে ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কী চুপচাপ বসে থাকবে?”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসায় সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ গত ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে। এই ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই ডিএমপি কমিশনার এই কঠোর নির্দেশনা জারি করলেন।
উল্লেখ্য, ডিএমপি কমিশনারের এই নির্দেশনার পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের কঠোর নির্দেশনা জারি করেছিলেন।