জাতীয় ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গত দুই দিনে বাংলাদেশে এ নিয়ে একাধিকবার ভূমিকম্প অনুভূত হলো ।
আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
শুক্রবার শক্তিশালী কম্পন: এর আগে, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
একই দিনে দ্বিতীয়বার এবং ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।