জাতীয় : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক গবেষণায় বলা হয়েছে, নরসিংদীর মধুপুর ফল্টে প্রায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়বে এবং ২ লাখের বেশি মানুষ প্রাণ হারাবেন। আর্থিক ক্ষতি ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
সোমবার (২৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা রাজউকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার এবং পুরান ঢাকা সংস্কারের তাগিদ দেন। বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারীও ক্যাপাসিটির অভাবে থার্ড পার্টিকে দিয়ে সার্ভে করানোর পরামর্শ দেন।
গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার কাজ করছে এবং ট্রাস্ট গঠনের কাজ চলছে। রাজউক চেয়ারম্যান নিরাপদ ভবন নির্মাণে নতুন কর্তৃপক্ষ গড়ার ঘোষণা দেন।