প্রবাস : দীর্ঘদিনের অচলাবস্থার পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের লক্ষ্যে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে মালয়েশিয়া সরকার।
এদিকে, গত বছরের ৩১ মে’র মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা কর্মীদের প্রথম দলটি গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে এই প্রথম ধাপে ৬০ জন কর্মী ঢাকা ত্যাগ করেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন পর স্বপ্ন সার্থক হলো”।
অপরদিকে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান তান শ্রী আজম বাকি জানিয়েছেন, অভিবাসী কর্মী নিয়োগে বাংলাদেশি সিন্ডিকেটর সাথে জড়িত অর্থ পাচারের অভিযোগের সমর্থনে তাঁরা কোনো প্রমাণ খুঁজে পাননি।
বোয়েসেলকে নির্মাণ ও পর্যটন খাতে ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ২৫৫ জন কর্মীর ভিসা পাওয়া গেছে।