সিলেট বাংলাদেশ : সিলেট-ঢাকা রুটের আকাশপথে বিমানের উচ্চ ভাড়া নিয়ে চলা সমালোচনার পর অবশেষে ভাড়া কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৮ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, মহাসড়কের দুরবস্থার কারণে সিন্ডিকেট টিকিটের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় বিমান কর্তৃপক্ষ এই ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিল।