চট্টগ্রাম : যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমভি এভিটা’। রোববার খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার ‘জি টু জি’ চুক্তির আওতায় এই গমের প্রথম চালানটি দেশে এসেছে।
চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে বর্তমান চালানের ৩৪ হাজার ১৩৪ টন গম চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। বর্তমানে গমের নমুনা পরীক্ষা চলছে। প্রতিবেদন পাওয়ার পর দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করে দেশের বিভিন্ন খাদ্য গুদামে তা পাঠানো হবে।