ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এই কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০।
এনসিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভোর ৪টা ০২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। গাণিতিক অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের অভ্যন্তরে (২৪.৮৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)।
আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ভলক্যানো ডিসকাভারি’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশের হালকা মাত্রার এই ভূমিকম্পটি বড় কোনো ক্ষয়ক্ষতির কারণ না হলেও আতঙ্ক সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এনসিএস নিশ্চিত করেছে যে, কম্পনটির গভীরতা কম থাকায় স্থানীয়ভাবে এটি স্পষ্ট অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট এই কম্পনগুলো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।