ঢাকা : দেশের বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম বদলে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হবে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু নামই নয়, বাহিনীর জন্য নতুন পোশাকও তৈরি করা হচ্ছে।”
২০০৪ সালে গঠিত হওয়া এই বাহিনীটির নাম এর আগে র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) রাখার প্রস্তাব করা হলেও পরবর্তীতে ‘র্যাব’ নামে এটি আত্মপ্রকাশ করে। ২২ বছর পর এই প্রথম বাহিনীটির নাম ও পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত এলো। মূলত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও আন্তর্জাতিক নানা বিতর্কের মুখে বাহিনীটির আমূল সংস্কারের অংশ হিসেবে এই নাম পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।