ঢাকা: দেশের বন্দরের সক্ষমতা বাড়াতে এবং বিপুল কনটেইনার হ্যান্ডলিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের দুটি এবং ঢাকার কেরানীগঞ্জের একটিসহ মোট তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ বিষয়ে চুক্তি হবে।
আজ রোববার (১২ অক্টোবর, ২০২৫) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে ‘সমুদ্রগামী জাহাজশিল্পের বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নৌসচিব মোহাম্মদ ইউসুফ বলেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে।
তিনি জানান, “এসব টার্মিনাল ২৫ থেকে ৩০ বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে চুক্তি হবে।” বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া আর উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন। চুক্তি চূড়ান্ত হলে তা প্রয়োজনে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনা পদ্ধতির সমালোচনা করে নৌসচিব বলেন, “পৃথিবীর কোথাও যেটা নেই, আমরা তা করছি—বন্দরের মধ্যে কনটেইনার খুলে পণ্য ছাড় করা হচ্ছে।” তিনি স্ক্যানিং মেশিনের ঘাটতির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, চট্টগ্রাম বন্দরের ১৩টি গেটের মধ্যে মাত্র ৬টিতে স্ক্যানিং মেশিন আছে, যার মধ্যে আবার ৩-৪টি নষ্ট থাকে।
মোহাম্মদ ইউসুফ বলেন, এই পরিস্থিতি চলতে পারে না। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ৫.৩৬ মিলিয়ন টিইউএস (TEUs) কনটেইনার ওঠানো-নামানোর বিশাল চ্যালেঞ্জ সামাল দিতে হবে। তাই বন্দরের সক্ষমতা বাড়াতে ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ অপরিহার্য। তিনি জানান, ভারত, শ্রীলঙ্কাসহ অনেক দেশেই এমন বিদেশি অপারেটর রয়েছে।
ইআরএফের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৌলত আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।