ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি আশা প্রকাশ করেন, টানা তিনটি ‘কাটাছেঁড়া’ নির্বাচনের কারণে ভোট দিতে না পারা বিপুলসংখ্যক নতুন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন।
ব্যারোনেস জেনি চ্যাপম্যান ‘জুলাই সনদ’ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। তবে তিনি যুক্তরাজ্যে আশ্রয় অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট, নিরাপদ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ ও বিমান যোগাযোগ জোরদারের মতো দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই সনদ’ বাংলাদেশে একটি ‘নতুন সূচনা’ করেছে।