চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘গ্রেমেয়াশচি’। সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি বন্দরে পৌঁছায় বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার আনুষ্ঠানিকভাবে জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে উপস্থিত ছিলেন।
রাশিয়ার এই যুদ্ধজাহাজটি বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে সেটিকে এসকর্ট করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে।
সফরকালীন সময়ে গ্রেমেয়াশচির অধিনায়ক ও রুশ প্রতিনিধি দল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে রয়েছেন কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
এছাড়াও, রাশিয়ার কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি, জাহাজ, ‘বিএন আশা’র আলো স্কুল এবং চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রুশ যুদ্ধজাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
নৌবাহিনী আশা করছে, এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়ে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। রুশ যুদ্ধজাহাজটি আগামী ২১ নভেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।