জাতীয় নির্বাচন : একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী রোববারের সভায় সময় বৃদ্ধি এবং নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সূত্র জানায়, ৭-১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে এবং ভোট হতে পারে আগামী ৫ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে। এবার ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে, এতে সময় বাড়বে।
সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়। এবার তা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় আছে। অবকাঠামো ও কুয়াশার কারণে সময় বৃদ্ধি জরুরি বলে মনে করছে ইসি।