ডারউইন, ০৫ মার্চ:
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় প্রথিতযশা সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে দেশটির হাইকোর্ট।
বৃহস্পতিবার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।
এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী ও এনসিপিকে বিপুল ভোটে হারিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার অসংখ্য মানুষের জামিন মিলছে।