আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহাত্মা গান্ধীর একটি বিশালাকার ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি ভারত সরকারের পক্ষ থেকে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স’ উপহার হিসেবে দিয়েছিল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘অস্ট্রেলিয়া টুডে’ এই চাঞ্চল্যকর চুরির খবরটি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ‘অ্যাঙ্গেল গ্রিন্ডার’ ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ থেকে পুরো শরীরটি কেটে নিয়ে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, স্মারকস্থলে কেবল মহাত্মা গান্ধীর পায়ের তালু দুটি অবশিষ্ট রয়েছে।
ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার জানিয়েছেন, চুরির আংশিক দৃশ্য ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে। ভিক্টোরিয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয় ভাঙা ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করেছে। কেউ যদি এই পরিমাণ ওজনের ব্রোঞ্জ বিক্রি করতে আসে, তবে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন। স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মাথায় এটি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল। এবার সরাসরি ভাস্কর্যটি চুরির ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।