সান্টা ক্লারা/ঢাকা: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের অভূতপূর্ব চাহিদার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া (NVIDIA) প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক বাজার মূলধনের সীমা অতিক্রম করেছে। এই উল্লেখযোগ্য অর্জন এসেছে মাত্র তিন মাস আগে ৪ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করার পর।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ অক্টোবর) এনভিডিয়ার শেয়ারদর ৫.৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ২১২ ডলার পর্যন্ত পৌঁছায়। এই শেয়ারদর বৃদ্ধির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘ব্ল্যাকওয়েল চিপ’ নিয়ে আলোচনার সম্ভাবনাকে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এনভিডিয়ার শেয়ারের দাম এ বছরের শুরু থেকে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ ডেটা সেন্টারে ল্যাঙ্গুয়েজ মডেল ও অন্যান্য কাজে ব্যবহৃত জিপিইউ-এর ব্যাপক চাহিদা।
সিইও জেনসেন হুয়াং ৫০০ বিলিয়ন ডলারের এআই চিপ বিক্রির প্রত্যাশা করেছেন। কোম্পানিটি বর্তমানে নিরাপত্তা ও বিজ্ঞানের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার তৈরি করছে এবং নোকিয়াতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে এআই-নেটিভ ফাইভজি ও সিক্সজি নেটওয়ার্ক চালু করতে চাইছে।