ঢাকা: আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ‘পাসকি এনক্রিপশন’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই যুগান্তকারী নিরাপত্তা ফিচারের ফলে এখন থেকে চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে আর জটিল পাসওয়ার্ড বা ৬৪ অঙ্কের এনক্রিপশন কোড মনে রাখার প্রয়োজন হবে না।
ব্যবহারকারীরা এখন আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), মুখাবয়ব শনাক্তকরণ (ফেস আইডি) বা ফোনের স্ক্রিন লকের মাধ্যমে সহজেই তাদের চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সক্রিয় করতে পারবেন।
এর আগে ২০২১ সালে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হলেও, পাসওয়ার্ড বা কোড মনে রাখার জটিলতায় অনেকেই নতুন ডিভাইসে ডেটা স্থানান্তরে সমস্যায় পড়তেন। পাসকি সেই জটিলতা দূর করল।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পাসকি সক্রিয় করার পর চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ বা আইক্লাউড কেউই দেখতে পারবে না।
সুবিধাটি চালু করতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাট ব্যাকআপ অংশে গিয়ে এনক্রিপশন অন করতে হবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত হবে।