(Opinion-based Political Analysis)
শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না— বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের এই অবস্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। অনেকেই মনে করছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হলে তিনি ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারেন; আর সেই পথ রুদ্ধ করতেই তাকে পাসপোর্ট দেওয়া উচিত নয়।
কিন্তু আন্তর্জাতিক আইন, কূটনৈতিক প্রটোকল এবং ভূরাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, এই ধারণাটি একেবারেই ভ্রান্ত। শেখ হাসিনা ভারতের কোনো কারাগারে বন্দি নেই যে প্রচলিত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে সরাসরি দেশে ফিরিয়ে আনা যাবে। আবার ভারত থেকে তৃতীয় কোনো দেশে যেতে কিংবা বাংলাদেশে ফিরতে তার বাংলাদেশি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টেরও কোনো প্রয়োজন নেই। তাহলে কেন এই পাসপোর্ট চাওয়ার নাটকীয়তা?
সমঝোতার ‘বড়শি’ ও পাসপোর্টের রাজনীতি
ঘটনার গভীরে গেলে দেখা যায়, পাসপোর্ট চাওয়ার বিষয়টি যতটা না ভ্রমণের প্রয়োজনে, তার চেয়েও বেশি রাজনৈতিক কৌশলের অংশ। অনেক আগে শেখ হাসিনার পক্ষ থেকে ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তার পেছনের উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট—একটি রাজনৈতিক সমঝোতা বা ‘নেগোসিয়েশন’-এর টেবিল তৈরি করা। ধারণা করা অমূলক নয় যে, নির্বাচনের আগে কোনো এক পর্যায়ে এ নিয়ে পর্দার আড়ালে আলাপ-আলোচনার চেষ্টাও হয়েছিল।
কিন্তু শেখ হাসিনার দীর্ঘদিন ধরে পেতে রাখা সেই রাজনৈতিক ‘বড়শি’ তারেক রহমান গ্রহণ করেননি। সমঝোতার সেই ছক ভেস্তে যাওয়ায়, এখন নতুন করে পাসপোর্ট পাওয়ার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা মূলত রাজনীতিতে নিজের অস্তিত্ব এবং অদম্য ইচ্ছারই একটি বার্তা দিতে চেয়েছেন।
একমুখী যাত্রায় বাংলাদেশি পাসপোর্ট কেন অপ্রয়োজনীয়?
প্রথম এবং শেষ প্রশ্ন হলো—ভারত থেকে বাংলাদেশ বা দুনিয়ার অন্য কোথাও যেতে বাংলাদেশের পাসপোর্ট না হলে কি চলবে? সোজা উত্তর হলো—হ্যাঁ, চলবে।
বিশেষ করে একমুখী যাত্রার (One-way Journey) ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ইস্যু করা কোনো কাগজেরই দরকার নেই। অবস্থানরত বা আশ্রয়দাতা দেশের সরকার নিজস্ব ক্ষমতাবলে একটি একমুখী ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ দেশে বা অন্যত্র পাঠিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র প্রায়ই এই পদ্ধতি অনুসরণ করে; পাসপোর্টহীন বা মেয়াদোত্তীর্ণ বিদেশি নাগরিকদের আমেরিকান সরকার নিজস্ব ট্রাভেল ডকুমেন্ট বানিয়ে সংশ্লিষ্ট দেশে রেখে আসে। একইভাবে ভারত চাইলে যেকোনো সময় নিজস্ব বিশেষ ডকুমেন্ট ইস্যু করে তাকে বাংলাদেশে পাঠাতে পারে কিংবা অন্য দেশে যাওয়ার পথ করে দিতে পারে।
বাংলাদেশের পাসপোর্ট ছাড়াই ভারত থেকে তৃতীয় দেশে যাওয়ার ৪ উপায়
বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট যদি সরকার বাজেয়াপ্ত বা বাতিল করে দেয় এবং তাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি কার্যত পাসপোর্টহীন (Undocumented বা De-facto Stateless) হয়ে পড়েন। ভারত জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী সনদ বা ১৯৫৪ সালের রাষ্ট্রহীন ব্যক্তিদের সনদে স্বাক্ষরকারী দেশ না হলেও, আন্তর্জাতিক ও ভারতীয় আইনের আওতায় বাংলাদেশের পাসপোর্ট ছাড়াই ভারত থেকে তৃতীয় দেশে যাওয়ার সুনির্দিষ্ট ৪টি পথ খোলা রয়েছে।
ভারত সরকারের ‘সার্টিফিকেট অব আইডেন্টিটি’
ভারতের পাসপোর্ট আইন অনুযায়ী, দেশটিতে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক নিজ দেশ থেকে পাসপোর্ট পেতে ব্যর্থ হলে ভারত সরকার বিশেষ বিবেচনায় তাকে ‘সার্টিফিকেট অব আইডেন্টিটি’ দিতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি অনুমোদনে ইস্যু করা এই ডকুমেন্টটি দেখতে পাসপোর্টের মতোই একটি বই। সাধারণত তিব্বতি শরণার্থী বা বিশেষ রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিরা এটি পান এবং এর ওপর ভিত্তি করে তৃতীয় যেকোনো দেশ ভিসা দিতে পারে।
গন্তব্য দেশের ‘লেসে-পাসে’
শেখ হাসিনা বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপের কোনো দেশে যেতে চান এবং সেই দেশ যদি তাকে রাজনৈতিক আশ্রয় বা বিশেষ ভিসা দিতে রাজি হয়, তবে দিল্লিতে অবস্থিত ওই দেশের দূতাবাস তাদের নিজস্ব ‘লেসে-পাসে’ বা ওয়ান-ওয়ে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে পারে। বাংলাদেশ সরকারের পাসপোর্ট ছাড়াই ওই কাগজের ওপর ভিসা স্ট্যাম্প করে গন্তব্য দেশ তাকে নিয়ে যেতে পারবে।
জাতিসংঘ ও রেড ক্রসের ডকুমেন্ট
সাধারণ নাগরিকদের ক্ষেত্রে প্রাণের ঝুঁকি থাকলে দিল্লিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা তৃতীয় কোনো দেশে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নিতে পারে। গন্তব্য দেশ রাজি হলে আন্তর্জাতিক রেড ক্রস একমুখী ভ্রমণের জন্য জরুরি ট্রাভেল ডকুমেন্ট দেয়। তবে হাই-প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে প্রথম দুটি কূটনৈতিক পথই মূলত ব্যবহৃত হয়।
ভারত সরকারের ‘এক্সিট পারমিট’
ওপরের যেকোনো উপায়ে ট্রাভেল ডকুমেন্ট ও ভিসা জোগাড় করার পরও ভারত ছাড়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো ভারত সরকারের এফআরআরও (FRRO – Foreigners Regional Registration Office) থেকে ‘এক্সিট পারমিট’ নেওয়া। বাংলাদেশি পাসপোর্ট বাতিল থাকায় ভারত সরকার যদি নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তা বিবেচনায় এই এক্সিট পারমিট দেয়, কেবল তখনই ভারতের বিমানবন্দর পার হওয়া সম্ভব।
পুরো আইনি ও কূটনৈতিক কাঠামোটি পরিষ্কারভাবে বলে দেয়, শেখ হাসিনার ভারত ত্যাগ বা তৃতীয় কোনো দেশে যাওয়া কোনোভাবেই ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। এর পুরোটাই নির্ভর করছে নয়াদিল্লি এবং যে দেশে তিনি যেতে চান, সেই গন্তব্য দেশের সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। ফলে পাসপোর্ট দেওয়া বা না দেওয়া নিয়ে যা ঘটছে, তা নিছকই রাজনৈতিক ময়দানের মনস্তাত্ত্বিক লড়াই।
৩ আগস্ট মধ্যরাতে দিল্লীর একজন রিপোর্টার আমাকে বলেছিলেন, শেখ হাসিনার বেলারুশে যাওয়া ঠিকঠাক,দিল্লীতে প্লেন চেঞ্জ হবে। বেলারুশে পুতিন ঘনিষ্ট সরকার ক্ষমতায়।
বাংলাদেশে শেখ হাসিনা যদি সত্যিই ফিরতে চান তাহলে তার পাসপোর্ট, এনআইডি কোনো কিছুরই দরকার নেই। রাজনীতির কোথাও গভীরে বড় কোনো বিরায়ানির ডেকচিতে রান্না হচ্ছে,গন্ধও ছুটছে। তবে সেই বিরিয়ানির কোনো অংশ জনগনের প্লেটে আসবে না এটা নিশ্চিত।
(বাংলাদেশি অ্যাক্টিভিস্ট আরিফুজ্জামান তুহিনের লেখা)