নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা : এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে কখনো ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলকে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা অসম্ভব।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। সব শহীদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ত্যাগ মনে রাখতে পারে।”
বিগত শাসনামলের কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান জানান, গত কয়েক বছরে বিএনপির অন্তত দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যার বোঝা বইতে হচ্ছে প্রায় ৬০ লাখ মানুষকে। তিনি বলেন, “দেশের মানুষ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। অনেক সন্তান এখনো বাবার ফেরার অপেক্ষায় দরজায় কড়া নাড়ার শব্দ শোনে, অনেক মা এখনো সন্তানের পথ চেয়ে আছেন। রাষ্ট্র আপনাদের এই ত্যাগ কখনোই ভুলবে না।”
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের কর্মসূচি স্থগিত রাখা প্রসঙ্গে বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা কর্মসূচি স্থগিত করেছি। এটাকে কেউ যেন দুর্বলতা না ভাবে, এটা আমাদের রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু ইসি ও একটি নির্দিষ্ট দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভোট থেকে সরে দাঁড়ানোর কৌশল নিচ্ছে।”